সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী বিয়ে করেছেন। তবে বিয়ের খবর প্রকাশের ধরনেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করলেও বরের মুখ ফুল দিয়ে ঢেকে রেখেছেন তিনি। ফলে নতুন জীবনসঙ্গীর পরিচয় নিয়ে শুরু হয়েছে আলোচনা। জানা গেছে, গত ২৬ অক্টোবর দেশের বাইরে পারশা ও তার জীবনসঙ্গীর আক্দ বা বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভিসা জটিলতার কারণে ওই অনুষ্ঠানে গায়িকার পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে পারেননি। তবে বরের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এরপর গত ৭ নভেম্বর নিজের অফিশিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের একটি ছবি প্রকাশ করেন পারশা। ছবিতে তাকে বরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে বরের মুখটি একটি ফুল দিয়ে পুরোপুরি ঢেকে রাখায় ছবিটি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্ন। বরের মুখ আড়াল করার বিষয়টি নিয়েও মজার ব্যাখ্যা দিয়েছেন পারশা। ছবির ক্যাপশনে রসিকতার সুরে তিনি লিখেছেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই।’
একই সঙ্গে বরের পরিচয় নিয়ে তাকে কিংবা তার পরিবারের সদস্যদের বিব্রত না করার জন্য অনুরোধ জানিয়েছেন এই সংগীতশিল্পী। অর্থাৎ বিয়ের খবর প্রকাশ করলেও আপাতত জীবনসঙ্গীর পরিচয় ব্যক্তিগত রাখতেই চাইছেন তিনি। বরের মুখ ঢেকে রাখার পেছনে ব্যক্তিগত গোপনীয়তার পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও একটি বার্তা রয়েছে বলে জানিয়েছেন পারশা। তার মতে, সমাজে নারীর মুখ ঢাকা বা ঘোমটা দেওয়ার বিষয়টি যেভাবে স্বাভাবিকভাবে দেখা হয়, পুরুষের ক্ষেত্রে তেমনটি দেখা যায় না। পুরুষের ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিও যে সমানভাবে গুরুত্ব পাওয়ার দাবি রাখে, সেই ভাবনা থেকেই এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পারশার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত ও অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে তার জীবনসঙ্গীকে ঘিরে। বিশেষ করে বরের মুখ ফুল দিয়ে ঢেকে রাখার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে। জানা গেছে, প্রায় এক বছর আগে দেশের বাইরে ভ্রমণে গিয়ে দুজনের পরিচয় হয়। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে, যা পরে প্রেমে রূপ নেয়। এরপর দুজন বিয়ের সিদ্ধান্ত নেন।
এদিকে আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বড় পরিসরে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে নবদম্পতির। আপাতত বিয়ের খবর জানালেও জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ না করায় পারশার ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।