ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা এবং কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধের নির্দেশ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন নিজ দলের এক আইনপ্রণেতা। রিপাবলিকান দলের প্রতিনিধি থমাস ম্যাসির উত্থাপিত এ প্রস্তাব নিয়ে চলতি সপ্তাহেই প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হতে পারে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে হেগসেথের অবস্থান নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। সোমবার (৯ নভেম্বর) কেনটাকির রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসি প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন। ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ম্যাসির অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দিয়ে প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতার অপব্যবহার করেছেন। একই সঙ্গে তিনি মার্কিন সংবিধান লঙ্ঘন করেছেন বলেও দাবি করেন ম্যাসি।
প্রস্তাব উত্থাপনের সময় ম্যাসি বলেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথ তাঁর ওপর অর্পিত দায়িত্বের পরিপন্থী কাজ করেছেন। তিনি সাংবিধানিক সরকারব্যবস্থাকে দুর্বল করেছেন এবং আইন ও ন্যায়বিচারের স্বার্থের মারাত্মক ক্ষতি করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের জনগণও ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহেই প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির ওপর ভোটাভুটি হতে পারে। তবে সেখানে অভিশংসনের পক্ষে ভোট পড়লেই হেগসেথকে পদ ছাড়তে হবে না। তাঁকে দায়িত্ব থেকে অপসারণ করতে হলে সিনেটে দোষী সাব্যস্ত হতে হবে। এ প্রক্রিয়া তুলনামূলক কঠিন।
এদিকে গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রিপাবলিকান পার্টি। দলটির পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাবকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তার দায়িত্ব হারানোর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম পিট হেগসেথ। প্রশাসনে রদবদলের অংশ হিসেবে গত সপ্তাহে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসকে সরিয়ে স্টিফেন মিলারকে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প।
তবে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন উদ্যোগকে ভালোভাবে নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাসিকে ‘ব্যর্থ ব্যক্তি’ বলে আখ্যা দেন তিনি। একই সঙ্গে বলেন, কংগ্রেস ও সিনেটের সময় নষ্ট করার মতো কোনো কাজে ম্যাসির জড়ানো উচিত নয়। অন্যদিকে হেগসেথের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, প্রতিরক্ষামন্ত্রী দুটি যুদ্ধে জয়ী হয়েছেন। ইরান ও ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনেই তিনি এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে হেগসেথ বলেন, কিছু আইনপ্রণেতা তাঁর বিরুদ্ধে দলীয় রাজনৈতিক খেলা খেলছেন। সোমবার রোড আইল্যান্ড সফরের সময় সাংবাদিকদের তিনি বলেন, নীতিগত বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। তবে কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর সমালোচনা করছেন। হেগসেথ আরও বলেন, প্রেসিডেন্টের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এবং শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার অবস্থান নিয়ে তাঁরা গর্বিত। তাঁদের উদ্যোগের কারণে বিশ্ব আরও ভালো ও নিরাপদ হয়েছে বলেও দাবি করেন তিনি।
নিজের দায়িত্ব পালন ও কর্মকাণ্ড নিয়ে মঙ্গলবার পেন্টাগনে সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে হেগসেথের। এদিকে থমাস ম্যাসি বলেছেন, সংবাদ সম্মেলনে হেগসেথের উচিত তাঁর বিরুদ্ধে আনা অভিশংসনের আটটি অভিযোগের জবাব দেওয়া। অপ্রাসঙ্গিক বক্তব্য, বাইবেলের উদ্ধৃতি ভুলভাবে উপস্থাপন কিংবা অন্যদের নিয়ে কটাক্ষ না করে অভিযোগগুলোর বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় চলতি বছরের শুরুতে পেন্টাগনে দেওয়া হেগসেথের একটি বক্তব্যের প্রসঙ্গও তোলেন ম্যাসি। ওই বক্তব্যে চলচ্চিত্র পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর ‘পাল্প ফিকশন’ সিনেমার সংলাপ অনুকরণ করার অভিযোগ রয়েছে হেগসেথের বিরুদ্ধে।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মন্ত্রিসভার অন্যতম বিতর্কিত নিয়োগ হিসেবে বিবেচিত হন সাবেক ফক্স নিউজ উপস্থাপক হেগসেথ। সাম্প্রতিক সময়ে ডেমোক্র্যাটদের পাশাপাশি নিজ দল রিপাবলিকান পার্টির কয়েকজন আইনপ্রণেতারও সমালোচনার মুখে পড়েছেন তিনি। রোববার সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে আরকানসাসের রিপাবলিকান প্রতিনিধি ফ্রেঞ্চ হিল বলেন, অভিশংসনের প্রস্তাবটি কতটা যৌক্তিক, নাকি অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, তা বুঝতে তিনি এ বিষয়ে বিতর্ক শুনতে চান। তবে সব সমালোচনা ও অভিশংসনের উদ্যোগের মধ্যেও হেগসেথের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন ট্রাম্প। সপ্তাহান্তে ফ্লোরিডায় সাংবাদিকদের তিনি বলেন, দুটি যুদ্ধে জয়ী হওয়া ছাড়া হেগসেথের আর কোনো অপরাধ নেই।