ইউনূস আমলের অভিজ্ঞতা নিয়ে বই লিখবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তার ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, অবসর জীবনে তিনি লেখালেখিকে প্রাধান্য দিতে চান এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে একাধিক বই রচনার পরিকল্পনা করছেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাবলি, বিশেষ করে ২০২৪ সালের আগস্টের পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা তার লেখার অন্যতম বিষয় হতে পারে। এছাড়া বঙ্গভবনে দায়িত্ব পালনকালে অর্জিত অভিজ্ঞতা, সাংবিধানিক দায়িত্ব পালনের বিভিন্ন দিক এবং সে সময়ের রাজনৈতিক পরিবেশ সম্পর্কে তার ব্যক্তিগত পর্যবেক্ষণও বইয়ে স্থান পেতে পারে।
ঘনিষ্ঠ মহলের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্রপতির দায়িত্বে বহাল থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন সাহাবুদ্দিন। সেই সময়ের সিদ্ধান্ত গ্রহণ, রাজনৈতিক চাপ মোকাবিলা এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অভিজ্ঞতা তিনি পাঠকদের সামনে তুলে ধরতে আগ্রহী বলে জানা গেছে।
এছাড়া আওয়ামী লীগ সরকারের পতন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের প্রেক্ষাপট এবং পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও তার পর্যবেক্ষণ বইয়ে স্থান পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
শুধু সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাই নয়, বিচারক হিসেবে দায়িত্ব পালন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে কাজের অভিজ্ঞতা এবং দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অধ্যায় নিয়েও পৃথক গ্রন্থ প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।