বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তির আবেদনও শুরু
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ১ আগস্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা গত ৩০ জুন জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে। নির্দেশনাটি দেশের আটটি বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির জন্য নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে।
এ ছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, চা-শ্রমিক ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদের জন্য নির্ধারিত ভাতা এবং শিক্ষা উপবৃত্তির আবেদনও একই সময়ে গ্রহণ করা হবে। আগ্রহী আবেদনকারীরা dss.bhata.gov.bd/online-application পোর্টালে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন অবশ্যই আবেদনকারীর স্থায়ী ঠিকানার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।
প্রতিবন্ধী ভাতার আবেদনকারীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর এবং নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা বা ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বরও যুক্ত করতে হবে।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, যারা বর্তমানে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত ভাতা বা সুবিধা পাচ্ছেন, তারা এ কর্মসূচির জন্য নতুন করে বিবেচিত হবেন না। এ ছাড়া যারা আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় রয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
নতুন আবেদন এবং অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনগুলো নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং বরাদ্দের প্রাপ্যতার ভিত্তিতে চূড়ান্ত উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হবে। সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিরা ১ জুলাই থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।