সচিবালয় ঘেরাও কর্মসূচিতে ১১ দলীয় ঐক্য, জিরো পয়েন্টে পুলিশের বাধা
জ্বালানি তেল ও গ্যাসের সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন জোটের নেতাকর্মীরা। তবে জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয়। কর্মসূচির নেতৃত্ব দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নেন।
এর আগে একই দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে জোটটি। সকাল ১১টার পর শুরু হওয়া এ কর্মসূচি চলাকালে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীরা কর্মসূচি অব্যাহত রাখেন। অবস্থান কর্মসূচিতে বক্তারা জ্বালানি সংকট, গ্যাস সরবরাহে দুর্ভোগ, বিদ্যুতের অতিরিক্ত বিল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানান। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।