সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোমিন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় রাজনৈতিক সংগঠন নতুন ধারা বাংলাদেশ-এর চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৫ আগস্ট) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের আদেশে কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন- সংগঠনটির ভাইস চেয়ারম্যান নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল এবং হরী সরকার। শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, মঙ্গলবার (৪ আগস্ট) বাবুল সরদার নামে এক ব্যক্তি শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলায় মোমিন মেহেদী, শান্তা ফারজানাসহ ছয়জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আসামিরা উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করেন। এ সময় বাদী বাবুল সরদার এবং রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ কয়েকজন প্রতিবাদ জানালে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলায় আল নুর মোহাম্মদ আয়াসসহ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।