গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ চারজন কারাগারে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাড়া করা একটি বাসায় পর্নোগ্রাফি তৈরি ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারী ও দুই পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আসামি করে মামলা করা হয়েছে, যিনি বর্তমানে পলাতক।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) গভীর রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং দুই নারী ও দুই পুরুষকে আটক করা হয়। তবে অভিযানের সময় একজন পালিয়ে যেতে সক্ষম হন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-পলাশবাড়ী উপজেলার বাসিন্দা মামুনী আক্তার (২৪), সাদুল্লাপুর উপজেলার রেজেনা খাতুন (২৮), গোবিন্দগঞ্জ উপজেলার রাকিবুল হাসান রাকিব (৩০) এবং সুন্দরগঞ্জ উপজেলার মামুন অর রশিদ (৩০)।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে পর্নোগ্রাফি তৈরি করতেন এবং তা বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দিয়ে অর্থ উপার্জন করতেন।
এ ঘটনায় পলাতক একজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার চারজনকে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গোবিন্দগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে এ ধরনের অপরাধে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।