রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে প্রথম অফিস করলেন মির্জা ফখরুল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায়। পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগোনালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম। এরপর বঙ্গভবনে নিজ কার্যালয়ে প্রবেশ করেন রাষ্ট্রপতি। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসেই তিনি দাপ্তরিক বিভিন্ন নথিতে স্বাক্ষর করেন।
দাপ্তরিক কার্যক্রমের অংশ হিসেবে পরে বঙ্গভবনের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তাঁর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।