স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৯ আগস্ট) দুপুরে তাঁর মেয়ে তানি দীপাবলি জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করলে তা ১২ ঘণ্টার জন্য মঞ্জুর করা হয়।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁরা চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন। তবে জেলা প্রশাসনের ক্ষমতাবলে ১২ ঘণ্টার জন্য মুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীপু মনি প্যারোলে মুক্ত থাকবেন।
স্বামীর মরদেহের কাছে যাবেন দীপু মনি
প্যারোলে মুক্তির পর দীপু মনি রাজধানীর কলাবাগানে যাবেন। সেখানে তাঁর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ রাখা হবে। আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, যে বাড়িতে মরদেহ রাখা হবে, সেখানেই দীপু মনির সঙ্গে তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরে তাঁকে বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দীপাবলি মুন্সীগঞ্জ কারাগারে গিয়ে তাঁর মায়ের সঙ্গে দেখা করেন। পরে তিনি জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।