বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। ওসি মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধির মরদেহ পায়। এ ঘটনায় তাঁর মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিবারের সদস্যরা জানিয়েছেন, রিধির সঙ্গে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কল চলাকালীন রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে।
রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি নাটকে অভিনয় করেও পরিচিতি পেয়েছিলেন। তাঁর অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’ ও ‘ডাবল হানিমুন’ উল্লেখযোগ্য।