যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরছে। সব আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ নিয়ে একটি ফ্লাইট বর্তমানে ঢাকার পথে রয়েছে।
ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস রোববার (৩ মে) জানায়, দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনস-এর একটি ফ্লাইটে মরদেহটি পাঠানো হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মরদেহ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়া তদারকি করেন মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, মায়ামির কনস্যুলেট, নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে, টাম্পার একটি মসজিদে জোহরের নামাজের পর লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর শিক্ষার্থী, স্বজন ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি গত ১ মে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস নিশ্চিত করে। পরবর্তীতে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, বৃষ্টির মরদেহ পাঠানোর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আগামী ৬ মে টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেছেন।
কনসাল জেনারেল সেহেলী সাবরীন জানান, বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠাতে দূতাবাস ও কনস্যুলেট যৌথভাবে কাজ করে যাচ্ছে।