বাংলাদেশের সমর্থকদের জয় উপহার দিতে চান স্কালোনি
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি বাংলাদেশের সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসার কথা উল্লেখ করে তাদের জন্য জয় উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বাংলাদেশ সময় বুধবার (১৫ জুলাই) রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, বিশ্বের অন্য প্রান্তে অবস্থিত একটি দেশের মানুষের কাছ থেকে এমন আবেগপূর্ণ সমর্থন পাওয়া সত্যিই অনন্য অভিজ্ঞতা।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ প্রতিবারই আমাদের মুগ্ধ করে। আর্জেন্টিনা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও আপনারা যেভাবে আমাদের সমর্থন করেন, তা আমাদের জন্য অত্যন্ত বিশেষ।” বাংলাদেশের বিভিন্ন শহর ও গ্রামে আর্জেন্টিনার জার্সি পরিহিত সমর্থকদের উপস্থিতির কথাও তুলে ধরেন স্কালোনি। তার ভাষায়, “লাখো মানুষের গায়ে আর্জেন্টিনার জার্সি দেখতে পাওয়া আমাদের জন্য গর্বের এবং আবেগের বিষয়।”
বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়, সেটিও আর্জেন্টাইন কোচের নজরে রয়েছে। দীর্ঘদিন ধরে অব্যাহত এই সমর্থনের জন্য বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।”
সংবাদ সম্মেলনের শেষ দিকে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে স্কালোনি বলেন, “আমরা মাঠে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা করছি, আজকের ম্যাচে বাংলাদেশের মানুষকে একটি জয় উপহার দিতে পারব।” উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপের সময় বাংলাদেশে আর্জেন্টিনাকে ঘিরে ব্যাপক সমর্থন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হয়। এরপর থেকেই বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার ক্রীড়া-সম্পর্ক আরও দৃশ্যমান হয়ে ওঠে।