সেমিফাইনালের আগে মেসির আবেগঘন পোস্ট, চোখ এখন ইংল্যান্ডে
বিশ্বকাপের সেমিফাইনালের আগে নিজেদের প্রস্তুতি পর্ব শেষ করে কানসাস সিটিকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আবেগঘন এক বার্তায় শহরটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের এই তারকা ফুটবলার। সোমবার কানসাস সিটিতে শেষ অনুশীলন শেষে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চারটি ছবি প্রকাশ করেন মেসি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “কানসাস সিটিতে আমাদের শেষ অনুশীলন! সবকিছুর জন্য ধন্যবাদ।”
আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজও একইভাবে শহরটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, “ধন্যবাদ কানসাস! আমাদের যাত্রা এখনও অব্যাহত আছে।” বিশ্বকাপের মূল পর্বের প্রস্তুতির জন্য গত ৩১ মার্চ কানসাস সিটিতে ক্যাম্প শুরু করেছিল লিওনেল স্কালোনির দল। দীর্ঘ সময় ধরে এই শহরেই অনুশীলন ও প্রস্তুতি সম্পন্ন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এখন তাদের সব মনোযোগ আটলান্টার সেমিফাইনালে। আগামীকাল মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এই ম্যাচের ফলই নির্ধারণ করবে মেসিদের পরবর্তী গন্তব্য। জয় পেলে আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে, সেমিফাইনালে পরাজিত হলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে যেতে হবে মায়ামিতে। ২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর সেখানেই পরিবারের সঙ্গে বসবাস করছেন মেসি।
তবে আপাতত মেসিদের লক্ষ্য একটাই-ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করা এবং টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া।