জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য আয়োজন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবোধ ও দ্রোহের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সাম্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজী নজরুল ইসলামের চিন্তা ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ মোতাকাব্বীর আহমেদ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হেসেন এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দীন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।