সিলেটের সাদাপাথরে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্বস্তি ফিরেছে পর্যটন খাতে
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথরে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে পর্যটন কেন্দ্রটি।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন জানান, উজান থেকে নেমে আসা ঢলের পানি কমে যাওয়ায় বর্তমানে পর্যটকদের ভ্রমণের জন্য পরিবেশ অনুকূলে রয়েছে। ফলে সাদাপাথরে পর্যটক প্রবেশে আর কোনো বাধা নেই।
এর আগে, কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে সাদাপাথর পর্যটন কেন্দ্রে ভ্রমণ কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে পানি নেমে যাওয়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় পর্যটকদের জন্য কেন্দ্রটি খুলে দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকবাহী নৌযান চলাচল ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে নদীতে এখনো স্রোত থাকায় ভ্রমণকালে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি নৌযানে অতিরিক্ত যাত্রী বহন না করা, লাইফ জ্যাকেট ব্যবহার এবং নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে স্থানীয় ব্যবসায়ী, নৌযান চালক এবং পর্যটনসংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পর্যটকদের আগমনে আবারও প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।