অডিশনে বারবার প্রত্যাখ্যান, ইন্ডাস্ট্রির অপ্রকাশিত বাস্তবতা তুলে ধরলেন আঁচল খুরানা
বলিউড অভিনেত্রী সঞ্চিতা উগালের আকস্মিক মৃত্যুর পর আবারও আলোচনায় এসেছে বিনোদন জগতের মানসিক চাপ, পেশাগত অনিশ্চয়তা এবং শিল্পীদের কর্মপরিবেশের বিষয়টি। এমন প্রেক্ষাপটে টেলিভিশন অভিনেত্রী আঁচল খুরানা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় বিনোদন অঙ্গনের বিভিন্ন অপ্রকাশিত বাস্তবতা তুলে ধরেছেন।
ভিডিওবার্তায় তিনি বলেন, দর্শকদের বিনোদনের চাহিদা, টিআরপির প্রতিযোগিতা এবং প্রযোজকদের আর্থিক হিসাবের চাপের মধ্যে শিল্পীদের মানসিক ও শারীরিক সুস্থতার বিষয়টি অনেক সময়ই উপেক্ষিত থেকে যায়। পর্দার সামনে হাসিমুখে উপস্থিত হলেও পর্দার আড়ালে শিল্পীদের নানামুখী চাপের মুখোমুখি হতে হয় বলেও উল্লেখ করেন তিনি।
আঁচল খুরানার অভিযোগ, বর্তমানে বিনোদন অঙ্গনে শিল্পী পরিবর্তনের প্রবণতা বা ‘রিপ্লেসমেন্ট কালচার’ অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। কোনো শিল্পী নিজের মতামত প্রকাশ করলে, আত্মসম্মানের প্রশ্নে আপস করতে না চাইলে কিংবা কোনো বিষয়ে প্রতিবাদ জানালে তাকে কাজ হারানোর ঝুঁকিতে পড়তে হয়। তিনি বলেন, কোনো শিল্পীর মৃত্যুর পর শোক প্রকাশ করা হলেও তার পেছনের মানসিক চাপ, পেশাগত অনিশ্চয়তা কিংবা কর্মপরিবেশ নিয়ে খুব বেশি আলোচনা হয় না।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে এই অভিনেত্রী জানান, প্রতিদিন নতুন আশায় অডিশনে অংশ নেওয়া এবং দিন শেষে বারবার প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসা অনেক শিল্পীর জীবনের বাস্তবতা। বাইরে থেকে শক্ত থাকার পরামর্শ দেওয়া সহজ হলেও দীর্ঘ সময় ধরে এমন চাপ বহন করা অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেন তিনি। প্রযোজনা সংস্থা ও টেলিভিশন চ্যানেলগুলোর ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছেন আঁচল খুরানা। তার দাবি, অনেক ক্ষেত্রে যোগ্য শিল্পীরাও আর্থিক বিবেচনা, অভ্যন্তরীণ সিদ্ধান্ত কিংবা অন্যান্য কারণে কাজ হারান। এমনকি ব্যক্তিগত নীতি ও আত্মমর্যাদার সঙ্গে আপস না করলেও তার প্রভাব পেশাগত জীবনে পড়তে পারে।
তবে শুধু অভিযোগ নয়, কঠিন পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী। তার মতে, মানসিক চাপ অসহনীয় হয়ে উঠলে কিছু সময়ের জন্য কাজ থেকে বিরতি নেওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং নিজের যত্ন নেওয়া প্রয়োজন। কারণ, সংকটের সময়ে পেশাগত ক্ষেত্র থেকে সবসময় প্রত্যাশিত সমর্থন পাওয়া যাবে-এমনটি ধরে নেওয়া উচিত নয়।
সঞ্চিতা উগালের মৃত্যুর পর আঁচল খুরানার এই বক্তব্য আবারও বিনোদন জগতে শিল্পীদের মানসিক স্বাস্থ্য, কর্মপরিবেশ এবং পেশাগত নিরাপত্তা নিয়ে বৃহত্তর আলোচনা ও সচেতনতার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে।