এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষা আজ, দুপুরে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ
দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়া, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনের পরীক্ষা। একই দিনে পরীক্ষা স্থগিত ও তিন দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ঘোষণানুযায়ী, পরীক্ষা শেষে বেলা ১টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু হবে। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) তারা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে-দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা, গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ। এদিকে, শিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সকাল ১০টায় শুরু হয়েছে পাঁচটি বিষয়ের পরীক্ষা। আটটি সাধারণ শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হচ্ছে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা।
একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে (চট্টগ্রাম বোর্ড ব্যতীত) অনুষ্ঠিত হচ্ছে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষা। শিক্ষার্থীদের অভিযোগ, চলমান বন্যা ও জলাবদ্ধতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ অবস্থায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবারের বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।
উল্লেখ্য, চলমান দুর্যোগ পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ কর্মসূচি ঘিরে নতুন করে নজর পড়েছে শিক্ষা খাতে চলমান পরিস্থিতির ওপর।