বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা অনুমোদন
দেশে খাদ্য নিরাপত্তা জোরদার, কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং সংকটে থাকা পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশকে মোট ১১০ কোটি মার্কিন ডলারের জরুরি অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক বাজারে সার, জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এই সহায়তা দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৬ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানায়, অর্থায়নটি দুটি পৃথক প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে ‘খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা প্রকল্প’-এর আওতায় ৩০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে আসন্ন আমন ও বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানিতে সহায়তা করা হবে। এর ফলে প্রায় ১৪ লাখ হেক্টর জমিতে ধান চাষ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে ‘কনটিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স’ (সিইআর) কর্মসূচির আওতায় ৭১ কোটি ৩০ লাখ ডলার বরাদ্দ করা হয়েছে। এই অর্থ প্রাকৃতিক বা অর্থনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত পরিবার, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের নগদ সহায়তা এবং জীবিকা পুনর্বাসনে ব্যয় করা হবে। পাশাপাশি কর্মসংস্থান ও আয়-রোজগার সচল রাখতে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
বিশ্বব্যাংক আরও জানিয়েছে, জরুরি পরিস্থিতিতে খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, বিদ্যুৎ ও নিরাপদ পানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় তেল ও গ্যাস আমদানির ব্যয়ও এই প্রকল্পের অর্থ থেকে বহন করা হবে। সংস্থাটি জানিয়েছে, অনুমোদিত অর্থের পুরোটা আগামী বুধবারের মধ্যেই বাংলাদেশ সরকারের কাছে ছাড় করা হবে।