ডিএসইতে এক ঘণ্টায় ৩৩২ কোটি টাকার শেয়ার হাতবদল
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন কার্যক্রম পরিচালিত হচ্ছে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টার কিছু বেশি সময়ে বাজারে ৩৩২ কোটি টাকারও বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, সকাল ১১টা ২ মিনিট পর্যন্ত মোট ৩৩২ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।
দিনের শুরুতে বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রধান সূচক নিম্নমুখী হয়ে পড়ে। আলোচ্য সময়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫০৪ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করে।
একই সময়ে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৩ দশমিক ৭০ পয়েন্ট হারিয়ে ১ হাজার ১১১ দশমিক ৮৩ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস৩০ কমে ১০ দশমিক ৯৫ পয়েন্ট, অবস্থান করে ২ হাজার ৭৬ দশমিক ২৪ পয়েন্টে।
বাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। বিপরীতে দর কমেছে ২০১টির এবং ৭৪টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের শীর্ষে ছিল এনসিসি ব্যাংক, যার শেয়ার কেনাবেচার পরিমাণ ছিল ১০ কোটি ১২ লাখ টাকা। এছাড়া জেনেক্স ইনফোসিসের ৯ কোটি ৫৩ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৭ কোটি ৬৯ লাখ টাকা, সোনারগাঁ টেক্সটাইলের ৭ কোটি ৭ লাখ টাকা, বিডি থাই ফুডের ৬ কোটি ৬০ লাখ টাকা, আইপিডিসির ৫ কোটি ৯১ লাখ টাকা এবং আরডি ফুডের ৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।