ময়নাতদন্তে নারী ডোম নিয়োগে হাইকোর্টে রিট
দেশের পোস্টমর্টেম-সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে নারী মরদেহের ময়নাতদন্তের জন্য নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন এ রিট দায়ের করেন। এতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিটে উল্লেখ করা হয়েছে, এর আগে দেশের পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে অন্তত একজন করে নারী ডোম নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরে বিষয়টি নিয়ে জনস্বার্থে আদালতের দ্বারস্থ হন আবেদনকারী। আবেদনে বলা হয়েছে, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পাশাপাশি নারীর মরদেহের মর্যাদা, গোপনীয়তা ও সম্মান রক্ষার স্বার্থে নারী ডোম নিয়োগ প্রয়োজন। এতে ময়নাতদন্তের সময় মৃত নারীর পরিবারের মানসিক স্বস্তি নিশ্চিত হওয়ার পাশাপাশি পেশাগত বৈষম্যও কমবে।
এতে আরও বলা হয়, আধুনিক সমাজে নারীরা বিভিন্ন পেশায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাই ময়নাতদন্তের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও নারী ডোম নিয়োগ সময়োপযোগী উদ্যোগ হতে পারে। রিটে অতীতে মর্গে নারী মরদেহের সঙ্গে অসদাচরণের অভিযোগে দায়ের হওয়া কয়েকটি বহুল আলোচিত ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং মরদেহের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া মানবাধিকার ও ব্যক্তিগত মর্যাদার নীতিমালার আলোকে মৃত্যুর পরও একজন মানুষের গোপনীয়তা ও সম্মান রক্ষার বিষয়টি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও রিটে তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে হাইকোর্টে শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।