বার্ষিক মজুদ যাচাইয়ে আজ দেশের সব তেল ডিপো বন্ধ
বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন এবং বাস্তব যাচাই কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১ জুলাই) দেশের সব তেল ডিপো ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন প্রধান স্থাপনায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) ফেরদৌসী মাসুম হিমেলের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বার্ষিক হিসাব-নিকাশের অংশ হিসেবে করপোরেশনের অধীনস্থ বিভিন্ন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোতে জ্বালানি তেলের মজুদ গণনা এবং বাস্তব যাচাই কার্যক্রম বুধবার সম্পন্ন করা হবে। এ কারণে চট্টগ্রামের প্রধান স্থাপনাসহ দেশের সব ডিপো ও সংশ্লিষ্ট স্থাপনায় ওই দিন জ্বালানি তেলের বিপণন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে এ সাময়িক কার্যক্রমের কারণে বিমান চলাচলে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিপিসি। নির্দেশনায় বলা হয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইন্সে নিরবচ্ছিন্ন জেট ফুয়েল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ডিপোগুলোর জেট এ-১ সংরক্ষণ ট্যাংকের বার্ষিক যাচাই দ্রুত শেষ করে সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখতে হবে।