চার বছরের যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার হুতিদের
চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। সোমবার সৌদি আরবকে লক্ষ্য করে হামলার দায় স্বীকার করে সংগঠনটি, যা দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
হুতিদের দাবি, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার জন্য সৌদি আরব দায়ী। এর প্রতিক্রিয়ায় তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানান, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। তিনি এ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেন।
হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর। ইয়েমেন সীমান্তসংলগ্ন এই শহরটি গ্রীষ্ম মৌসুমে সৌদি নাগরিকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত।
এর আগে ২০২২ সালের মার্চে সৌদি জ্বালানি স্থাপনায় ধারাবাহিক হামলার পর উভয় পক্ষের মধ্যে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর এই প্রথম সৌদি আরবের বিরুদ্ধে সরাসরি হামলার দায় স্বীকার করল হুতি গোষ্ঠী।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এ হামলা সৌদি-ইয়েমেন সীমান্তে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। অতীতে হুতিরা লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করেও একাধিক হামলা চালিয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে, সৌদি সরকারের পক্ষ থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে সোমবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দিতে সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়েছে। তবে হুতি-সমর্থিত সামরিক সূত্র দাবি করেছে, বিমানটি পরে নিরাপদে হুতি-নিয়ন্ত্রিত হোদাইদাহ বিমানবন্দরে অবতরণ করেছে।
দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেন থেকে পরিচালিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার সৌদি আরব ও উপসাগরীয় কয়েকটি দেশের সমর্থন পেয়ে আসছে। অন্যদিকে, হুতিরা ইরানের সমর্থনপুষ্ট বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশ ও সৌদি নেতৃত্বাধীন জোট।