ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১২৪
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে দুইজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন শনাক্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন, খুলনা বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৮ জন এবং ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে মোট চারজন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ চারজন করে মারা গেছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে তিনজন করে এবং বরিশাল, খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগে একজন করে মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।