‘শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে’-স্বরাষ্ট্রমন্ত্রী
সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই বিচারিক প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে জুলাই আন্দোলনের সময়কার অভিজ্ঞতার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়েছিল। তিনি উল্লেখ করেন, আন্দোলনকে সাংগঠনিকভাবে এগিয়ে নিতে সে সময় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্দার আড়ালে নেওয়া হয়েছিল।
দেশের ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে জনগণের প্রত্যাশা অনেক বেশি। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবাইকে ধৈর্য ধরতে হবে। সরকারের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন ও সংস্কার কার্যক্রম এগিয়ে চলছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের একটি অংশ বিদেশে অবস্থান করে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দলটি ভবিষ্যতে দেশে রাজনীতিতে সক্রিয় হতে পারবে না বলেও মন্তব্য করেন। জুলাই আন্দোলনের চেতনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এই চেতনাকে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। যারা এ চেতনাকে পুঁজি করে সুবিধা নেওয়ার চেষ্টা করবে, তাদের বিষয়ে দেশের জনগণই যথাযথ মূল্যায়ন করবে বলেও মন্তব্য করেন।