জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিলোফার মনির বক্তব্য প্রত্যাখ্যান করলেন ছাত্রদল সভাপতি
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি ওই বক্তব্যকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করার কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব এ প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি নিলোফার চৌধুরী মনিকে ‘প্রিয় আপা’ সম্বোধন করে নিজের অবস্থান তুলে ধরেন।
রাকিবুল ইসলাম রাকিব লিখেছেন, নিলোফার চৌধুরী মনি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তবে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে তার দেওয়া বক্তব্যে ছাত্রদলের নেতাকর্মীরা মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
পোস্টে ছাত্রদল সভাপতি আরও বলেন, ‘আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা বিশ্বাস করি, আপনি জুলাইয়ের চেতনায় আস্থাশীল এবং দেশপ্রেমিক একজন রাজনীতিক। ভবিষ্যতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সম্পর্কে আরও সংযত ও শ্রদ্ধাশীল বক্তব্য রাখবেন-এটাই আমাদের প্রত্যাশা।’
নিলোফার চৌধুরী মনির ওই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে এ বিষয়ে তার পক্ষ থেকে নতুন কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানা যায়নি।