ঢাকার ৪১৬ বছরপূর্তি উদযাপনে বর্ণাঢ্য আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রাজধানী ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে আগামী ১ আগস্ট থেকে সাত দিনব্যাপী ‘ঢাকা উৎসব’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, আগামী ১ আগস্ট ঢাকা পৌরসভার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে ‘ঢাকা উৎসব’ আয়োজন করা হচ্ছে। এ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।
আব্দুস সালাম জানান, উৎসবের মূল লক্ষ্য হলো রাজধানীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য ও জীবনধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং নাগরিকদের মধ্যে ঢাকার ঐতিহ্য সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা। তিনি আরও জানান, ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত ‘ঢাকা দিবস’ উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে লালবাগ কেল্লা থেকে উদ্বোধনী অনুষ্ঠান, পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী, পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম, ঘুড়ি উৎসব, নৌকাবাইচ এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। ডিএসসিসির পক্ষ থেকে রাজধানীবাসীকে ‘ঢাকা উৎসব’-এর বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।