শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে নবচেতনার কর্মসূচি "গ্রীন স্কুল ক্যাম্পেইন"
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় যশোরে দুই মাসব্যাপী ‘গ্রীন স্কুল ক্যাম্পেইন ও বনায়ন কর্মসূচি’ শুরু করেছে নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ জুলাই) যশোর সদর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়-এ শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জের প্রতিষ্ঠাতা তুষার চক্রবর্তী, পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান, যশোর প্রেস ক্লাব-এর সভাপতি জাহিদ হাসান টুকুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শরিফুল আনাম আজাদ, নবচেতনার সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির, প্রধান সমন্বয়কারী মো. মিলন শেখ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাকিব উদ-দৌলা শুভ্র, ব্যবসায়ী ও সমাজসেবক শেখ জিয়া, আতাউল্লাহ সাইদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সংগঠনের স্বেচ্ছাসেবকরাও অংশ নেন।
বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি সবুজ, টেকসই ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ জানায়, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত ৫ জুন শুরু হওয়া ‘গ্রীন স্কুল ক্যাম্পেইন ও বনায়ন কর্মসূচি’ আগামী জুলাই মাসের শেষ পর্যন্ত যশোর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে পরিচালিত হবে।