পরমাণু কর্মসূচি নিয়ে কঠোর বার্তা,ফের হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর
ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না বলে পুনরায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, পরিস্থিতি প্রয়োজন হলে ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে দ্বিধা করবে না।
মঙ্গলবার (৩০ জুন) ইসরায়েলের টেলিভিশন কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ মন্তব্য করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি দাবি করেন, ইসরায়েলের পদক্ষেপের মাধ্যমে দেশটি নিজেদের সম্ভাব্য পরমাণু হুমকি থেকে সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছে। নেতানিয়াহুর এই বক্তব্য এমন সময় এলো, যখন পাকিস্তানের মধ্যস্থতায় সম্পাদিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক গত ১৮ জুন কার্যকর হয়েছে। ওই সমঝোতায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে যুদ্ধবিরতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল, ইরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনর্বহাল এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
তবে শুরু থেকেই তেহরানের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক সমঝোতার বিরোধিতা করে আসছে ইসরায়েল। দেশটির সরকার একাধিকবার ইরানের সামরিক ও পরমাণু সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি প্রয়োজন হলে পুনরায় হামলা চালানোর সতর্কবার্তাও দিয়েছে।