প্রধানমন্ত্রীর সঙ্গে VEON চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
বাংলালিংকের মূল প্রতিষ্ঠান VEON-এর চেয়ারম্যান অগি ফাবেলা (Augie Fabela) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৯ জুন ২০২৬) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, VEON-এর বোর্ড সদস্য মিশেল সোয়েটিং (Michiel Soeting) এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জোহান হেনড্রিক মার্টিনাস বাস উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী ডিজিটাল খাতের উন্নয়ন ও সেবার বিস্তারে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও আহ্বান জানান। তিনি বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদন ও বাজারজাতকরণের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন, যাতে দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য স্মার্টফোন সহজলভ্য হয়।
এ ছাড়া দ্রুত ৫জি সেবা চালু, ইন্টারনেট সেবার খরচ আরও কমানো এবং ডিজিটাল সেবাকে সাধারণ মানুষের জন্য আরও সহজ ও সুলভ করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়ন এবং ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।