ঈদের দিনেও বৃষ্টির শঙ্কা, জানাল আবহাওয়া অফিস
ঈদের দিনেও বৃষ্টির আভাস, কয়েক বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা। পবিত্র ঈদুল আজহার দিনসহ আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকারও পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন এলাকায় অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে কয়েকটি বিভাগে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এটি আরও ঘনীভূত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া বিভাগ। বুধবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত হতে পারে। অন্য বিভাগগুলোতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে বৃহস্পতিবার, অর্থাৎ পবিত্র ঈদুল আজহার দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবারও দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।