চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে মা ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে পরিবারের পাঁচ বছর বয়সী এক শিশু, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।
নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত পিয়াস বড়ুয়া (৫) নিহত এনি বড়ুয়ার ছেলে।
প্রতিবেশীরা জানান, চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে ঘরের সামনে এনি বড়ুয়া ও তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় ঘরের ভেতরে পড়ে ছিলেন প্রিয়ন্তী বড়ুয়া। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় মা ও মেয়ের মৃত্যু হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।
নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া পেশায় একজন নিরাপত্তাকর্মী। তিনি চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় কর্মরত রয়েছেন। খবর পেয়ে বাড়িতে ফিরে এসে পরিবারের এমন মর্মান্তিক পরিণতি দেখতে পান বলে জানান তিনি। সুজন বড়ুয়ার দাবি, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। সেই সূত্র ধরে ওই ব্যক্তি কাগজপত্রের খোঁজে বাড়িতে এসে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে তার সন্দেহ। তিনি আরও দাবি করেন, মৃত্যুর আগে তার স্ত্রী ওই ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন।
তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।