রাজধানীতে অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
এ তথ্য জানিয়ে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানার পরিচালিত অভিযানে রমনা থানা এলাকা থেকে ২ জন, শাহবাগ থেকে ১ জন, ধানমন্ডি থেকে ২ জন, হাজারীবাগ থেকে ২ জন, বংশাল থেকে ১ জন, সূত্রাপুর থেকে ১ জন, পল্টন থেকে ১ জন, তেজগাঁও থেকে ২ জন, শিল্পাঞ্চল থেকে ১ জন, মিরপুর থেকে ৩ জন, পল্লবী থেকে ১ জন এবং কাফরুল থানা এলাকা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর মোট ১২টি থানায় পরিচালিত অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সর্বমোট ১৮ জন সদস্যকে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।