বিশ্বকাপের শুরুতেই ব্রাজিলকে রুখে দিল মরক্কো
কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছেছিল মরক্কো। চার বছর পরও সেই ধারাবাহিকতা ধরে রাখার ইঙ্গিত দিল আফ্রিকার দলটি। বিশ্বকাপের ২৩তম আসরের প্রথম ম্যাচেই শক্তিশালী ব্রাজিলকে রুখে দিয়ে ১-১ গোলের ড্র করেছে আশরাফ হাকিমিরা।
বাছাইপর্বে গ্রুপসেরা হয়ে মূল পর্বে আসা ব্রাজিলের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মরক্কো। ম্যাচের প্রথমার্ধে তারা ১২টি শট নেয়, যা ব্রাজিলকে বেশ চাপে ফেলে। এমনকি ম্যাচের প্রথম ১০ মিনিটেই পাঁচবার শট নেওয়ার কীর্তি গড়ে দলটি। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে এমন রেকর্ড গড়া মাত্র দ্বিতীয় দল মরক্কো। এর আগে এই কৃতিত্ব ছিল পর্তুগালের।
ব্রাজিলের বিপক্ষে অর্জিত এক পয়েন্টে সন্তুষ্ট হলেও আরও বড় লক্ষ্য দেখছেন মরক্কোর কোচিং স্টাফ। দলের ম্যানেজার মোহাম্মদ ওয়াহবি জানিয়েছেন, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সাফল্য পুনরাবৃত্তি নয়, বরং এবার তার চেয়েও ভালো কিছু অর্জন করতে চায় দলটি। তাঁর ভাষায়, ব্রাজিলের বিপক্ষে এক পয়েন্ট পাওয়া ইতিবাচক হলেও উন্নতির আরও সুযোগ রয়েছে।
এদিকে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ছিল অধিনায়ক আশরাফ হাকিমির বিশ্বকাপে ১১তম উপস্থিতি। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার কোনো ফুটবলারের সর্বোচ্চ ম্যাচ খেলার যৌথ রেকর্ডে নাম লেখান তিনি। ক্যামেরুনের ফ্রাঁসোয়া ওমাম-বিয়িক এবং ঘানার আসামোয়া গিয়ানের সঙ্গে এখন একই কাতারে রয়েছেন মরক্কোর এই ডিফেন্ডার।
ম্যাচ শেষে হাকিমি বলেন, ব্রাজিলের মতো অন্যতম শিরোপাপ্রত্যাশী দলের বিপক্ষে লড়াই সহজ ছিল না। ড্রয়ে সন্তুষ্টি থাকলেও ভবিষ্যৎ ম্যাচগুলোতে আরও মনোযোগী ও উন্নত পারফরম্যান্স দেখানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি ইতিবাচক দিকগুলো ধরে রেখে ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার কথাও জানান মরক্কোর অধিনায়ক।