অপহরণ, প্রতারণা ও মাদকবিরোধী পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ২৫ লাখ টাকা ও বিপুল মালামাল
রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার, মুক্তিপণের ২৫ লাখ টাকা, প্রায় ২৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহরণ, প্রতারণা ও মাদক সংশ্লিষ্ট ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৫ জুন) এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার একটি দল গত রোববার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণখান থানার এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার চার আসামি—আব্দুল আলিম বাবু (৩০), সাজিদ মিয়া (২৯), মনিরউদ্দিন (৪০) ও মহিউদ্দিন (৩৬)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজতে থাকা অপহৃত ভিকটিম আবিদুর রহমান (৫০)-কে উদ্ধার করা হয়। একইসঙ্গে অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণের নগদ ২৫ লাখ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, ভুক্তভোগী বিপন চৌধুরীর অভিযোগের ভিত্তিতে দায়ের করা প্রতারণা ও আত্মসাতের মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় লক্ষ্মীপুর সদর থানার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নুর হোসাইন সোহাগকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তার কাছ থেকে প্রায় ৩ ভরি ওজনের স্বর্ণের চেইনসহ আনুমানিক ২১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার এবং মোবাইল ফোন ও ল্যাপটপসহ প্রায় ২ লাখ টাকা মূল্যের বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়েছে।অন্যদিকে, একই দিন সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানাধীন ৫ নম্বর সেক্টর এলাকায় মাদকবিরোধী অভিযানে মো. জামান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।