বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকে ক্লোজার রেকর্ড স্পর্শ করলেন মেসি
২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে তিন গোল করে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ম্যাচের প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা। তার তৃতীয় গোলটি আসে ম্যাচের ৭৬তম মিনিটে। গোলের পরপরই কোচ লিওনেল স্ক্যালোনি তাকে বিশ্রামে তুলে নিয়ে মাঠে নামান তরুণ ফুটবলার নিকো পাজকে।
এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে। ফলে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার সমান গোল করে যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে জায়গা করে নিয়েছেন মেসি। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই আরও একটি কীর্তি গড়েন আর্জেন্টিনার এই অধিনায়ক। জাতীয় দলের হয়ে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে বিরল এক মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মাধ্যমে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের কিংবদন্তি বাদের আল-মুতাওয়ার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেন মেসি।
বিশ্বকাপ ইতিহাসেও নতুন অধ্যায় যোগ করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে অংশ নেওয়া প্রথম ফুটবলার হিসেবে নিজের নাম লেখান তিনি। উল্লেখ্য, ২০০৬ সালের ১৬ জুন জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মেসির। সেই ম্যাচে মাত্র ১৬ মিনিট খেলেই একটি গোল ও একটি অ্যাসিস্ট করে নিজের আগমনী বার্তা জানিয়েছিলেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।