ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে ৪৭ গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। বুধবার (১৮ জুন) পরিচালিত অভিযানের তথ্য জানিয়ে ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে বলা হয়, বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে তিনজন, শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ছয়জন, মোহাম্মদপুর থানা এলাকা থেকে ১৪ জন, আদাবর থানা এলাকা থেকে ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে পাঁচজন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধে সংশ্লিষ্ট মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। তেজগাঁও বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।