সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ডা. জাহেদ
চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন পর্যায়ক্রমে শুরু করা হতে পারে। নির্বাচন কার্যক্রম শুরুর পর এক বছরের মধ্যে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, জনগণের কাছে দেওয়া বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, স্বাধীন মিডিয়া কমিশন গঠনের বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং এ বিষয়ে একটি ঐকমত্য গড়ে উঠেছে। তিনি আরও বলেন, সমুদ্রবিষয়ক গবেষণার সক্ষমতা বাড়াতে দেশে প্রথমবারের মতো ওশানোগ্রাফিক গবেষণা জাহাজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জনগণের প্রতি কোনো ধরনের অন্যায় বা বৈষম্যমূলক আচরণ না হয়, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।
নারীর সমঅধিকার প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রের কাছে সব নাগরিক সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। জাইমা রহমানসহ দেশের প্রতিটি নারী নাগরিক সমান অধিকার পাওয়ার দাবিদার।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে ডা. জাহেদ জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আরও উন্মুক্ত হওয়ার বিষয়ে অগ্রগতি দেখা যাবে।
এর আগে গত ১৬ জুন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জানান, বর্ষা মৌসুম শেষ হওয়ার পর সেপ্টেম্বর বা অক্টোবর থেকে দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করা হবে। একই সময়ের মধ্যে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।