দেশে আজকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
দেশের বাজারে সর্বশেষ মূল্য সমন্বয়ের পর বৃদ্ধি পেয়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী বুধবার (১৭ জুন, ২০২৬) থেকে মূল্যবান এ দুই ধাতু বিক্রি হচ্ছে হালনাগাদ দামে। গত ১৫ জুন স্বর্ণ ও রুপার নতুন দর ঘোষণা করে বাজুস। ওই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা এবং রুপার দাম ২৩৩ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা। এর আগে ১৩ জুন স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ওই সময় ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয়েছিল ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকায়।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৭৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বৃদ্ধি এবং ৩৬ বার দাম কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে স্বর্ণের দাম ৯৩ দফা পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল। স্বর্ণের পাশাপাশি রুপার দামও নতুন করে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩২৪ টাকায়।
চলতি বছরে এ পর্যন্ত রুপার দাম ৪৬ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ২২ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং তিনবার হ্রাস পেয়েছিল।