এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো ধরনের প্রশ্নফাঁসের ঘটনা ছাড়াই এবারের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই মাসের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, শহর ও গ্রামের শিক্ষার মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনতে শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন সংস্কার উদ্যোগ গ্রহণ করছে সরকার।
তিনি জানান, পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য সামনে রেখে প্রাথমিক স্তরে ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মাহদী আমিন আরও জানান, আগামী ২০ জুন আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।