তাপপ্রবাহে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুলে পাঠদান বন্ধ
অস্বাভাবিক তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে এক হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কোথাও কোথাও শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বহু স্কুলে স্বাভাবিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ওয়েলসে। সেখানে ৫০০টিরও বেশি স্কুল পুরোপুরি অথবা আংশিকভাবে বন্ধ রয়েছে। মধ্য ও দক্ষিণ ওয়েলসের বিভিন্ন এলাকায় তীব্র গরমের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে।
ওয়েলসের ব্লেনাউ গওয়েন্ট অঞ্চলের সব স্কুল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া কেয়ারফিলি ও ব্রিজেন্ড এলাকার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেও পাঠদান কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া কার্ডিফ, কারমার্থেনশায়ার, মার্থার টিডফিল, মনমাউথশায়ার, নিথ পোর্ট ট্যালবট, নিউপোর্ট, পাওইস, রনদা কিনন টাফ, সোয়ানসি, টরফেইন এবং ভেল অব গ্ল্যামরগানসহ বিভিন্ন অঞ্চলের বহু স্কুলে স্বাভাবিক কার্যক্রম বন্ধ বা সীমিত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুধু ওয়েলস নয়, ইংল্যান্ডেও তাপপ্রবাহের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দেশটির অন্তত ৫৭৮টি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বেশিরভাগই ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে অবস্থিত। সব মিলিয়ে ওয়েলস ও ইংল্যান্ডে এক হাজারেরও বেশি স্কুল তীব্র গরমের কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
এদিকে যুক্তরাজ্যের জার্সি দ্বীপে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড গড়া হয়েছে। স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার সেখানে তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা অঞ্চলটির জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।