পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা প্রস্তুতি জোরদার
পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলসহ সংশ্লিষ্ট ধর্মীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজধানীর সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৬ জুন) সকালে ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ উদ্দিন আহমেদ বিপিএম-সেবা। সভায় বিভিন্ন সরকারি সংস্থা, সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় ডিএমপি কমিশনার বলেন, পবিত্র আশুরার সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের প্রতি ছুরি, কাঁচি, বল্লম, বর্শা, তলোয়ার, লাঠি ও অন্যান্য ধারালো বস্তু বহন না করার আহ্বান জানান। তিনি জানান, গুরুত্বপূর্ণ এলাকাগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। এছাড়া পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
ডিএমপি কমিশনার আরও বলেন, রাজধানীবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আশুরা উপলক্ষে গৃহীত নিরাপত্তা পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় আশুরার কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস এবং অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মতামত ও পরামর্শ প্রদান করেন।
সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।