রাশিয়ার রাজধানীতে একযোগে ২০০ ড্রোনের হামলা ইউক্রেনের
পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ইউক্রেনীয় হামলার মুখে পড়েছে রাশিয়ার রাজধানী মস্কো। একযোগে প্রায় ২০০টি ড্রোনের আঘাতে শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
রাশিয়ার মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, হামলার পর রাজধানীর আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ইউক্রেনের প্রায় এক হাজার ড্রোন এবং চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। একই সময়ে দক্ষিণাঞ্চলের রোস্তভ অঞ্চলে একটি তেল সংরক্ষণাগারে হামলায় একজন নিহত হয়েছেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার অভ্যন্তরে দীর্ঘপাল্লার অভিযান হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিয়েভে চালানো রুশ হামলার প্রতিক্রিয়ায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলেনস্কির দাবি, গত সপ্তাহে ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার হামলায় একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ঘটনার জবাব হিসেবেই ব্যাপক ড্রোন অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।
হামলায় দক্ষিণ-পূর্ব মস্কোর কাপোতনিয়া তেল শোধনাগারে আগুন লাগে। এক মাসের মধ্যে এটি তৃতীয়বার এবং এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হামলার শিকার হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের তীব্রতায় একটি বড় তেল ট্যাংকের ঢাকনা আকাশে উড়ে যেতে দেখা যায়।
এ ছাড়া ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি শপিং সেন্টারেও আগুন লাগার খবর পাওয়া গেছে। নিরাপত্তার স্বার্থে কয়েকটি আবাসিক ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
হামলার পর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় মস্কোর চারটি বিমানবন্দর। এতে ৫০০টির বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। যদিও রাশিয়ায় ড্রোন হামলার পরবর্তী দৃশ্য প্রকাশে বিধিনিষেধ রয়েছে, তারপরও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে মস্কোর উপকণ্ঠের শিল্পাঞ্চলে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে কাজানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ায় এ হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
অন্যদিকে ইউক্রেনের দাবি, একই রাতে রাশিয়াও দেশটিতে ২০০টির বেশি ড্রোন ও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।