স্কালোনির দাবার ছকে একাদশে আসছে চমক
অস্ট্রিয়ার ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে বদলের আভাস, একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা শিবিরে একাদশে পরিবর্তনের জোর গুঞ্জন শুরু হয়েছে। কোচ লিওনেল স্কালোনি দলের ভারসাম্য ও খেলোয়াড়দের শারীরিক অবস্থা বিবেচনায় রেখে অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারেন বলে জানা গেছে। ২২ জুন ডালাসে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের একদিন আগে দলটি কানসাসের ক্যাম্প থেকে ডালাসে পৌঁছাবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ওই শহরে আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। স্থানীয় লাতিন সম্প্রদায়ের মধ্যেও মেসিদের ঘিরে উত্তেজনা তুঙ্গে।
আর্জেন্টিনার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকা গঞ্জালো মন্তিয়েল, থিয়াগো আলমাডা ও লাউতারো মার্টিনেজকে এবার শুরু থেকে নাও দেখা যেতে পারে। তাদের পরিবর্তে নাহুয়েল মলিনা, নিকোলাস গঞ্জালেস ও জুলিয়ান আলভারেজের ওপর আস্থা রাখতে পারেন স্কালোনি। সাম্প্রতিক অনুশীলনে গঞ্জালো মন্তিয়েলকে আলাদা করে ফিটনেস ট্রেনারের তত্ত্বাবধানে কাজ করতে দেখা গেছে। প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে না পারার পাশাপাশি হালকা শারীরিক সমস্যাও রয়েছে তাঁর। ফলে তাকে বিশ্রাম দিয়ে ঝুঁকি এড়ানোর পরিকল্পনা থাকতে পারে কোচের।
একইভাবে লাউতারো মার্টিনেজকেও শুরু থেকে না খেলিয়ে ম্যাচের পরবর্তী সময়ে নামানোর কৌশল নিতে পারেন স্কালোনি। দলের আক্রমণভাগে নতুন ছন্দ আনার লক্ষ্যেই এই পরিকল্পনা বলে ধারণা করা হচ্ছে। এদিকে সাম্প্রতিক সময়ে লিওনেল মেসিকে ঘিরে নানা গুঞ্জন ও সংবাদ প্রকাশ নিয়ে অসন্তোষের খবরও সামনে এসেছে। আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর তাঁর আবেগঘন মুহূর্তকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে বাবার অসুস্থতা নিয়ে নানা ব্যাখ্যা উঠে আসে। তবে আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়, মেসির বাবা হোর্হে মেসি সুস্থ আছেন এবং তাঁর শারীরিক অবস্থা নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রচার করা হয়েছে।
বিশ্বজুড়ে আলোচিত এই তারকা ফুটবলারকে বাড়তি চাপমুক্ত রাখতেই সতর্ক অবস্থানে রয়েছেন কোচ স্কালোনি। কানসাসে অনুশীলনের সময়ও মেসিকে মিডিয়ার বাড়তি নজর থেকে কিছুটা দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। কারণ, তাঁর প্রতিটি মুহূর্তই এখন কোটি কোটি ফুটবলপ্রেমীর আগ্রহের কেন্দ্রবিন্দু। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার কৌশলগত পরিবর্তন কতটা কার্যকর হয়, সেদিকেই এখন তাকিয়ে ফুটবলবিশ্ব। বিশেষ করে মেসির জাদুকরী স্পর্শে আবারও জয়োৎসবে মাতার অপেক্ষায় সমর্থকরা।