৬০ দিনের রোডম্যাপে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ প্রায় ১৮ ঘণ্টার উচ্চপর্যায়ের আলোচনা শেষে সুইজারল্যান্ড ত্যাগ করেছেন ইরানের শীর্ষ আলোচকরা। তেহরানের উদ্দেশে রওনা হওয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। আলোচনায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান বৈঠককে ‘ইতিবাচক ও গঠনমূলক’ বলে অভিহিত করেছে। তাদের মতে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং চূড়ান্ত সমঝোতার পথ সুগম করতে কয়েকটি নতুন কাঠামো ও ৬০ দিনের একটি রোডম্যাপে উভয় পক্ষ সম্মত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় গালিবাফ ও আরাগচির পাশাপাশি ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, উপ-তেলমন্ত্রী হামিদ বুর্দ এবং অভিজ্ঞ পারমাণবিক আলোচক আলী বাকরিও অংশ নেন।
এদিকে আইএসএনএ ও তাসনিম বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদির নেতৃত্বাধীন কারিগরি দল এখনো সুইজারল্যান্ডে অবস্থান করছে। তারা ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা চালিয়ে যাবে। রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, লেক লুসার্ন সম্মেলন শেষে বার্গেনস্টক থেকে গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধি দল তেহরানের উদ্দেশে যাত্রা করে। কাতার ও পাকিস্তান জানিয়েছে, আলোচনায় চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন, কারিগরি কর্মীদল তৈরি এবং ৬০ দিনের একটি রোডম্যাপ প্রণয়নের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
অমীমাংসিত বিষয়গুলো নিয়ে চলতি সপ্তাহের শেষ দিকে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানা গেছে।