খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত দুই মুসল্লি
খুলনার দৌলতপুর এলাকায় একটি মসজিদে ঢুকে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি আহত হয়েছেন। রোববার (১৪ জুন) ফজরের নামাজের পর ওজোপাডিকো জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নামাজ শেষে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী লোকমান হাকিম এবং স্থানীয় বাসিন্দা আলম শেখ কোরআন তেলাওয়াত করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি মসজিদে প্রবেশ করে গুলি ছোড়ে। এতে তারা দুজন গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে লোকমান হাকিমের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।