দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
দেশের ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন) ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, উল্লিখিত এলাকাগুলোতে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে প্রকাশিত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, দেশের কিছু স্থানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে মানিকগঞ্জ, নীলফামারী ও রাজশাহী জেলা এবং খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।