ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত বিশ্বনেতাদের, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ইউরোপীয় শক্তিগুলোর
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি সম্পাদনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক নেতারা। বহুল আলোচিত এই সমঝোতাকে বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউরোপের চার প্রভাবশালী দেশ-যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি।
চুক্তির বিষয়টি নিশ্চিত হওয়ার পর যৌথ বিবৃতিতে ই-ফোর জোটভুক্ত এই চার দেশ জানায়, সমঝোতাটি আন্তর্জাতিক স্থিতিশীলতা এবং বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশ্বনেতাদের কাছে সবচেয়ে বড় স্বস্তির বিষয় হিসেবে উঠে এসেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালুর সিদ্ধান্ত। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আশা প্রকাশ করে বলেন, এ পদক্ষেপ আন্তর্জাতিক নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান চুক্তিটিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সব পক্ষকে যেকোনো ধরনের উসকানি ও নাশকতা থেকে সতর্ক থাকার আহ্বান জানান। চুক্তি বাস্তবায়নের পেছনে মধ্যস্থতাকারীদের ভূমিকাও প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এই সমঝোতাকে স্বাগত জানিয়ে আলোচনার অনুকূল পরিবেশ সৃষ্টিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শান্তি উদ্যোগের সফলতায় সন্তোষ প্রকাশ করেছেন।
অন্যদিকে, তেহরান এই চুক্তিকে নিজেদের কূটনৈতিক ও রাজনৈতিক বিজয় হিসেবে তুলে ধরেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দাবি করেন, প্রতিপক্ষ তাদের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তেহরানের শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)ও এক বিবৃতিতে ইরানি জনগণের দৃঢ় অবস্থানকে এই সমঝোতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে।
তবে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইসরাইলের বিরোধী দল। বিরোধী নেতা ইয়ার গোলানের অভিযোগ, এই চুক্তির ফলে তেহরানের বিরুদ্ধে তেল আবিবের সামরিক অর্জন ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দায়িত্ব ছাড়ার আগে প্রতিপক্ষকে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে দিচ্ছেন।