কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘সামার দাভোস’ সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সম্প্রসারণ এবং বহুমাত্রিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। উভয় দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করে।
আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করার লক্ষ্যে ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে দুই দেশের সরকার প্রধান নীতিগতভাবে একমত হন বলে জানা গেছে।
দুই নেতা রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়ী সম্প্রদায় এবং সাধারণ জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে নিয়মিত বৈঠক ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বিভিন্ন অর্থনৈতিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্প এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া পানি কূটনীতি বিষয়ক একটি বিশেষায়িত সংস্থা জাতিসংঘের অধীনে প্রতিষ্ঠার প্রস্তাবের প্রতি বাংলাদেশের সমর্থন কামনা করেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বাংলাদেশের ইতিবাচক অবস্থান পুনর্ব্যক্ত করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।