শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী প্রতিষ্ঠান ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে নিজেদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রজন্মই দেশের আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এর আগে সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। তারা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন এবং অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রমও প্রত্যক্ষ করেন।