স্বর্ণের বাজারে নতুন রেকর্ড, ভরিতে বেড়েছে ২ হাজার ৫০৮ টাকা
দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ৫০৮ টাকা বৃদ্ধি পাওয়ায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়।
বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস। সংস্থাটি জানিয়েছে, নতুন মূল্যসূচি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন দামে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির মূল্য রাখা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে গত ১৫ জুন স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৭৬ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ বার দাম বৃদ্ধি এবং ৩৬ বার কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ দফা স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয়, আর ২৯ বার কমানো হয়েছিল।